নওগাঁয় আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
নওগাঁ জেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই টুর্নামেন্টে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের (বুয়েট, রুয়েট ও চুয়েট) ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়।
বৃহস্পতিবার (৪ জুন) নওগাঁ নওজোয়ান মাঠে নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আব্দুস সবুর।
টুর্নামেন্টে স্পন্সর হিসেবে ছিলো আল আমিন ফিজিক্স কেয়ার ও এনামুল বায়োলজি কেয়ার। মিডিয়া পার্টনার ছিলো জনপ্রিয় সংবাদমাধ্যম ঢাকা পোস্ট।
টুর্নামেন্টে বুয়েট, রুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাবি শিক্ষক আব্দুস সবুর বলেন, "আমাদের এমন আয়োজনগুলো মিস করা উচিত না।জীবনের এক সময় আসবে যখন খুব করে চাইলেও এসব বন্ধুদের সাথে আনন্দগুলো আর ফিরে পাব না। সব সময় অন্যের সাথে এনগেজ থাকবা। একা একা থাকবা না। অ্যাকাডেমিক লাইফ, খেলাধুলা, বন্ধুবান্ধব সবকিছু এখন থেকেই ব্যালেন্স করা শিখো। পরবর্তী সময়ে বড় বড় প্রবলেম সহজে ফেস করতে পারবে। কখনো ইন্সটিটিউশনাল প্রাইড করবা না। কে কখন কোথায় যাবে বলা যায় না।"
নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও চুয়েট শিক্ষার্থী সুলতান শাহরিয়া শাফি বলেন, "টুর্নামেন্টটি মূলত নওগাঁ জেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ সেশন অর্থাৎ প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয়েছে। নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের মাঝে ঐক্য ও সমাজসেবার অনুভূতি জাগ্রত করতে কাজ করছে। এ ধরণের টুর্নামেন্ট সামাজিক বন্ধনকে দৃঢ় করে।"
উল্লেখ্য, নওগাঁ পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন মূলত নওগাঁ জেলা থেকে সারাদেশে অধ্যয়নরত পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সমূহের শিক্ষার্থীদের সম্মিলিত সংগঠন। এটি সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা ও শিক্ষার্থীদের ইতিবাচক বিকাশে কাজ করে থাকে।



Post a Comment